Thursday, June 21, 2012

অ্যালিয়েনের মুখোমুখি নিরব

                                                                        নিরব


নাসা ঘোষণা করেছে—অ্যারিক্স ৩২ গ্রহতে প্রাণীর অস্তিত্ব রয়েছে। আর ওদিকে অ্যারিক্স গ্রহের প্রাণীরা ভাবছে, পৃথিবীর মানুষ তাদের কথা জেনে গেছে। এখন এই গ্রহে পৃথিবী থেকে মানুষজন আসতে শুরু করবে। তাতে অ্যারিক্স ৩২ গ্রহের প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যে করেই হোক, অ্যারিক্স ৩২ গ্রহকে পৃথিবীর মানুষের হাত থেকে রক্ষা করতে হবে। তারা এবার পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করে। এই কাজ সম্পন্ন করার জন্য কিছু বিশেষ অ্যালিয়েনকে পাঠানো হয় পৃথিবীতে। কখনো অ্যালিয়েন হয়ে, আবার কখনো মানুষের বেশ ধারণ করে তারা। পৃথিবীকে ধ্বংস করার জন্য তারা নিরবকে ব্যবহার করতে চায়। এটি স্বপন আহমেদের নতুন ছবি পরবাসিনীর গল্প। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম কাজ হয়েছে শ্রীমঙ্গলের লাউয়াছড়ায়।
নিরব বললেন, ‘পুরো ছবিটিই বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। অ্যালিয়েনরা আমার পিছু নিয়েছে, ভাবতেই যেন কেমন লাগছে। একেবারে নতুন অভিজ্ঞতা। এই ছবির জন্য আমি গেটআপ বদলে ফেলেছি।’
স্বপন আহমেদ বললেন, ‘বছর খানেক ধরে আমি ছবিটির অ্যানিমেশনের কাজগুলো করেছি। আশা করছি, আমাদের দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।’

ফের সাইজ জিরো কারিনা

                                                                      কারিনা কাপুর


সাইজ জিরোর ঘরটাই বেশি আকর্ষণীয় মানছেন কারিনা কাপুর। মাঝে ‘ছাম্মাক ছাল্লো’তে কিছুটা ‘মোটু’ লাগলেও তাশান ছবিতে তাঁকে দেখা গেছে পুরোনো চেহারায়। আর চাইছেন এই স্বাস্থ্যটাই ধরে রাখতে। সঙ্গে এ-ও জানিয়ে দিলেন, ‘মুটিয়ে যাওয়া মানেই আবেদনময়ী হওয়া নয়। কেউ এটা বললে বুঝতে হবে তা বাকোয়াজ মাত্র। কোনো নারী যদি বলেন, তিনি স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে চান না, তা হবে বোকার প্রলাপ। এটা প্রতিটা মেয়েরই স্বপ্ন।’ বোঝাই যাচ্ছে কারিনা এখন বেশ উঠেপড়ে লেগেছেন ফের সাইজ জিরোর ঘরে ফিরে আসার ব্যাপারে। সাইজ জিরোর নতুন রূপ নাকি দেখা যাবে কারিনার অনাগত ছবি হেরোইন-এর ‘হালকাত জাওয়ানি’ গানে। এনডিটিভি

শিশুদের পছন্দের তালিকা শীর্ষে ক্যাটরিনা

                                                                 ক্যাটরিনা কাইফ


নিজের রূপ-মাধুর্য আর অভিনয়গুণে এরই মধ্যে হাজারো তরুণ ভক্তের হূদয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে সাম্প্রতিক এক জরিপ বলছে, শিশুদের কাছেও তুমুল জনপ্রিয় ২৭ বছর বয়সী এ তারকা।
৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে পরিচালিত জরিপে সবচেয়ে প্রিয় অভিনেত্রীর তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে ক্যাটরিনা কাইফের নাম।
শিশুদের মধ্যে ক্যাটরিনার এমন জনপ্রিয়তার পেছনের কারণ সম্পর্কে বিজ্ঞাপনচিত্র-নির্মাতা কুনাল শিবদাসানীর উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, বলিউডের অন্যান্য তারকার তুলনায় ক্যাটরিনা যেসব পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন, সেগুলো শিশুদের জন্য বেশি উপযোগী। কোমল পানীয় কিংবা অন্যান্য বিজ্ঞাপনচিত্রে তিনি নিজেকে যেভাবে তুলে ধরেছেন, তা অনেক শিশুকেই অনুপ্রাণিত করেছে।
এ ছাড়া তিনি যেসব পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, সেগুলো শিশুদের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জরিপ পরিচালনা করেছে অরম্যাক্স নামের একটি প্রতিষ্ঠান। জরিপে সবচেয়ে প্রিয় ক্রিকেটার হিসেবে শিশুরা নির্বাচন করেছে ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারকে। এ ছাড়া সেরা টিভি-চরিত্র নির্বাচিত হয়েছে ‘ছোটা ভীম’।