Monday, June 18, 2012

টুইটারে মনমোহন



সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানানোর লক্ষ্যে টুইটারে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে মনমোহন সিংয়ের সহযোগীরা জানান।

বিবিসির এক খবরে বলা হয়েছে, @পিএমওইন্ডিয়া নামের ওই টুইটার অ্যাকাউন্টটি ভারতীয় প্রধানমন্ত্রীর যোগাযোগ টিম নিয়ন্ত্রণ করবে।

সোমবার টুইটারে অ্যাকাউন্ট খোলার পর মনমোহন সিং তিনটি টুইট লিখেন এবং তার ৬ হাজার অনুসারী (ফলোয়ার) হয়েছে।

গণমাধ্যমের ধরা ছোঁয়ার বাইরে থাকার কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়েন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি কদাচিৎ সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে থাকেন।

মনমোহন সিংয়ের কার্যালয়ের সূত্রগুলো জানায়, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রচুর কাজ হয়। বছরে তিনি ৩০ থেকে ৪৫ বার বিদেশ সফর করেন। এ বিষয়গুলো জনগণের কাছে যথাযথভাবে প্রকাশ পায় না। এসব তথ্য ছড়িয়ে দেয়ার জন্যই টুইটারে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। সেইসঙ্গে এর মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছেও পৌঁছতে পারবেন।”

ভবিষ্যতে এই অ্যাকাউন্ট থেকে মনমোহন সিং সইসহ ব্যক্তিগত তথ্য দেবেন না সে সম্ভাবনাও নাকচ করে দেয়নি ওই সূত্র।

দিল্লিতে তরুণদের সাহসিকতা পুরস্কার প্রদান উপলক্ষ্যে প্রথম টুইট দেয়া হয় ওই অ্যাকাউন্ট থেকে।